উৎসে কর কর্তন বর্তমান মূল্য সংযোজন কর ব্যবস্থায় একটি অন্যতম আলোচিত বিষয়। বর্তমানে আমাদের দেশে ভ্যাট এবং আয়কর উভয় ক্ষেত্রেই উৎসে কর কর্তন করার বিধান রয়েছে। অত্যন্ত সহজ ভাবে বললে যখন স্বাভাবিক পদ্ধতিতে এবং স্বাভাবিক সময়ে নানা জটিলতার কারণে কর আদায় করা সম্ভব হয় না বা কঠিন হয়ে পড়ে তখন ওই কর সংক্রান্ত অর্থের উৎস থেকে কর্তন করে নেয়ার বিধান করা হয়। এটাই হলো উৎসে কর কর্তন। বর্তমানে এসআরও নং- ১৮২/আইন/২০২৫/৩১০-মূসক; তারিখ: ২৭ মে, ২০২৫ উৎসে মূল্য সংযোজন কর কর্তন ও আদায় বিধিমালা, ২০২৫ কার্যকর রয়েছে।
আমাদের দেশে বর্তমানে অনেক প্রতিষ্ঠানে সফটওয়্যার প্রস্তুত করে বিক্রি করে থাকেন। অধিকাংশ ক্ষেত্রেই এসব সফটওয়্যার উৎসে কর কর্তনকারী সত্তার নিকট বিক্রয় করা হয়। এক্ষেত্রে উৎসে কর কর্তনকারী সত্তা এ ধরনের সরবরাহের ক্ষেত্রে উৎসে কর্তন করবেন কিনা কিংবা করলে কত পারসেন্ট করতে হবে এসব নিয়ে নানান জটিলতা দেখা দেয়। আইনের ধারা ২(২১) মোতাবেক উৎসে কর কর্তনকারী সত্তা হচ্ছে—
আইনের ধারা ২(৪২) মোতাবেক টার্নওভার বলতে কোন ব্যক্তি কর্তৃক কোন নির্দিষ্ট সময়ে বা কর মেয়াদে করযোগ্য সরবরাহকৃত পণ্য বা সেবা বাবদ প্রাপ্ত বা প্রাপ্য মোট অর্থের পরিমাণ। ধারা ২(৩২) মোতাবেক করযোগ্য সরবরাহ হচ্ছে অব্যাহতিপ্রাপ্ত সরবরাহ ব্যতীত অন্য যেকোনো সরবরাহ। অব্যাহতি প্রাপ্ত সরবরাহ হচ্ছে আইনের প্রথম তফসিলে উল্লেখিত অব্যাহতি প্রাপ্ত পণ্য ও সেবা সমূহের তালিকা। অব্যাহতিপ্রাপ্ত কোন সরবরাহের মূল্য বা মূলধনী সম্পদের বিক্রয় মূল্য বা প্রতিষ্ঠানের অংশ বিশেষের বিক্রয় মূল্য এসব টার্নওভারের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। সাধারণ অর্থে কর যোগ্য সরবরাহের মূল্যই হচ্ছে ওই প্রতিষ্ঠানের টার্নওভার।
এসআরও নং/- ১৮৬/আইন/২০১৯/৪৩-মূসক; তারিখ: ১৩ জুন, ২০১৯ এ সেবার সংজ্ঞা প্রদান করা হয়েছে। উক্ত সংজ্ঞার S০৯৯.১০ নামক হেডিং এ Software Development & Customization শব্দগুলি ছিল।
আইনের তৃতীয় তফসিলের টেবিল-১ এর খন্ড-খ- মূসক আরোপ যোগ্য সেবা এরমধ্যে কিন্তু পরবর্তীতে এসআরও নং- S০৯৯.১০ নামক হেডিং এর ভ্যাটের হার ৫%। কিন্তু ১৭২- আইন/২০২২/১৮৫/মূসক; তারিখ: ০১ জুন, ২০২২ এর মাধ্যমে Software Development & Customization শব্দগুলি বিলুপ্ত হয় এবং এর মাধ্যমে Software Development & Customization এর ভ্যাটের হার সাধারণভাবেই ১৫% হয়ে যায়। এর পরবর্তীতে ১৫৪- আইন/২০২৩/২৩১/মূসক; তারিখ: ২১ মে, ২০২৩ এর মাধ্যমে সফটওয়্যার এর স্থানীয় উৎপাদন পর্যায়ে এবং সফটওয়্যার কাস্টমাইজেশন এর ক্ষেত্রে সেবা পর্যায়ে এদের উপর আরোপণীয় ৫% (পাঁচ শতাংশের) এর অতিরিক্ত মূল্য সংযোজন কর হতে অব্যাহতি প্রদান করে। সুতরাং এখন সফটওয়্যারের স্থানীয়ভাবে উৎপাদন পর্যায়ে ভ্যাটের হার ৫%। উল্লেখ্য যে বর্তমান ভ্যাট আইনে সফটওয়্যারের উৎপাদনকে পণ্য হিসেবে গণ্য করা হয়।
এসআরও নং- ১৮২/ আইন/২০২৫/৩১০/মূসক; তারিখ: ২৭ মে, ২০২৫ উৎসে মূল্য সংযোজন কর কর্তন ও আদায় বিধিমালা, ২০২৫ এর বিধি ৫(১) মোতাবেক উৎপাদনকারী ১৫% বা হ্রাসকৃত হারে বা সুনির্দিষ্ট কর আরোপ রয়েছে এমন কোন পণ্য উক্ত হার বা সুনির্দিষ্ট কর উল্লেখ পূর্বক মূসক-৬.৩ এর মাধ্যমে সরবরাহ করলে সেই সকল ক্ষেত্রে উৎসে মূসক কর্তন করতে হবে না। তাই আমাদের দেশের ভ্যাট ব্যবস্থায় সফটওয়্যার উৎপাদন করে বিক্রয় করাকে উৎপাদনকারী হিসেবে গণ্য করা হয়। তাই সফটওয়্যার উৎপাদনকারী উৎপাদন করে মূসক-৬.৩ ইস্যু করে সরবরাহ প্রদান করলে সেক্ষেত্রে উৎসে কর কর্তনকারী সত্তা কোন উৎসে কর কর্তন না করে সম্পূর্ণ বিল পরিশোধ করবেন।
তবে এক্ষেত্রে যদি কোন উৎপাদনকারীর নিকট হতে দ্বিতীয় কোন ব্যবসায়ী সংগ্রহ করেন এবং কোন উৎসে কর কর্তনকারী সত্তার নিকট সরবরাহ করেন তবে সেক্ষেত্রে উৎসে কর কর্তন বিধিমালার বিধি ৪(২) মোতাবেক উৎপাদক হিসেবে নিবন্ধিত ব্যতীত অন্য সকল ব্যক্তি যারা উৎসে কর কর্তনকারী সত্তার নিকট যেকোনোভাবে পণ্য বা সেবা সরবরাহ করেন তারা যোগানদার হিসেবে বিবেচিত হবে। এবং যোগানদার বিবেচনায় ওই সফটওয়্যার সরবরাহকারী ব্যবসায়ীর নিকট হতে যোগানদারের উপর বর্তমানের প্রযোজ্য ১০% হারে উৎসে কর কর্তন করতে হবে। এটাই হচ্ছে সফটওয়্যার উৎপাদন কারীর ক্ষেত্রে উৎসে কর কর্তনের বর্তমান বিধান।